গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে পৌর শহরের হীরকপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে পর্নোগ্রাফি তৈরির কার্যক্রম চলছিল বলে অভিযোগ পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মামুনী আক্তার (২৪), রাকিবুল হাসান রাকিব (৩০), রেজেনা খাতুন সাথী (২৮) এবং মামুন অর রশিদ (৩০)।
পুলিশের দাবি, অভিযানের সময় দুই নারী ভিডিও ধারণে অংশ নিচ্ছিলেন এবং অপর দুইজন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ৪টি মোবাইল ফোন, ২টি ওয়াইফাই রাউটার, ভিডিও ধারণের আলোকসজ্জার সরঞ্জাম, একটি ট্রাইপডসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত ডিভাইসগুলো ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে।
মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন দীর্ঘদিন ধরে ওই বাসায় অবস্থান করে পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স